আয়কর বার্তা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটকেন্দ্র ঢাকা-১৫ আসনে ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘ভোট নিরপেক্ষ হলে আমরা তা মেনে নেব।’
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০মিনিটে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। পরে তিনি কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।
পরে গণমাধ্যমকর্মীদের জামায়াত আমির বলেন, ‘দেড় যুগ পর আজ ভোট দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আশা করি, এই ভোটের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে-যে সরকার হবে সবার সরকার, কোনো ব্যক্তি বা পরিবারের নয়।’
সারাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘এখনই কেন্দ্র থেকে এলাম। সারাদেশের খোঁজ নেব। ছোটখাটো কোনো বিষয় হলে আমরা এড়িয়ে যাব, তবে বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোট নিরপেক্ষ হলে আমরা তা মেনে নেব।’
তিনি আরও বলেন, ‘জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’ এ সময় দেশবাসীকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।