ভারতের নয়াদিল্লিতে জানুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহে ৮০৮ নিখোঁজ হয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে আটশ জন নিখোঁজ হয়েছেন, তাদের মধ্য়ে ৫০৯ জন অর্থাৎ দুই-তৃতীয়াংশই নারী ও কিশোরী।
পুলিশের তথ্য বলছে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৬১৬ জন প্রাপ্তবয়স্ক। পুলিশ এ পর্যন্ত ২৩৫ জনের খোঁজ পেয়েছে। ৫৭২ জন এখনও নিখোঁজ।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এত মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা স্বাভাবিক পরিস্থিতি নয়, বরং রীতিমতো আতঙ্কের পরিস্থিতি। রাজধানীর মানুষের নিরাপত্তা ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লি একবছর বিজেপির শাসনে থাকার পর কেন এতটা নিরাপত্তাহীন শহর?’
দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম ১৫ দিনে প্রতিদিন গড়ে ১৩ জন করে অপ্রাপ্তবয়স্ক নিখোঁজ হয়েছে। ১৯১ জন নিখোঁজ অপ্রাপ্তবয়স্কের মধ্যে ১৪৬ জন মেয়ে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।
নিখোঁজ ৬১৬ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৩৬৩ জন নারী এবং ২৫২ জন পুরুষ। পুলিশ এর মধ্যে ৯০ জন পুরুষ ও ৯১ জন নারীকে উদ্ধার করেছে। বাকিরা এখনো নিখোঁজ।
বৃহস্পতিবার দিল্লি পুলিশ দাবি করে, শহরটিতে এক লাখ মানুষের মধ্যে ১২২ দশমিক পাঁচজন নিখোঁজ হন। এই হার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের থেকে কম। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বাচ্চাদের ফিরতে একটু দেরি হলে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কিছুক্ষণ যোগাযোগ করতে না পারলেই উদ্বিগ্ন মা-বাবা রিপোর্ট ফাইল করেন। সেটা সরকারি সংখ্যাতত্ত্বের মধ্যে ঢুকে যায়।
পুলিশ জানিয়েছে, জানুয়ারি মাসে এক হাজার ৭৭৭ জন নিখোঁজ হয়েছেন। আগের বছরের জানুয়ারিতে এ সংখ্যা ছিল ২ হাজার ৪২ জন এবং ২০২৪ সালে ১ হাজার ৭৮৬ জন। গত দুই বছরের তুলনায় ২০২৬ সালে বরং কম মানুষ নিখোঁজ হয়েছেন।
২০২৫ সালে মোট ২৪ হাজার ৫০৮ জন নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে ১৫ হাজার ৪২১ জনকে খুঁজে বের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।