প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকল শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে : তারেক রহমান

আয়কর বার্তা রিপোর্ট: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে। সকল শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে, এটা আমাদের দায়িত্ব। যারা রক্ত দিয়েছেন তাদের রক্ত কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া হবে না। নারীদের উন্নয়নে নারী কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে আমাদের। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনায় কোনো ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে, তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন তিনি।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং প্রতিটি পরিবারের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য ধানের শীষে সমর্থন ও ভোট প্রয়োজন। দুর্নীতি নিয়ন্ত্রণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই।

তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। দুর্নীতি দমনে বিএনপি সরকার যতটা কঠোর হওয়া যায়, ইনশাআল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে—এটি বিএনপির অঙ্গীকার।

তিনি আরো বলেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। ফ্যাসিবাদ আমলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত নির্বাচনে জনগণকে পরিবারকে সময় দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশবাসীর প্রতি আহ্বান—১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন।

ভাষণে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। গণতন্ত্রকামী ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব নিন; ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত এমপিরা জনগণের দায়িত্ব নেবে। নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও জানান।

তারেক রহমান বলেন, জনগণের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে মহানবীর মহান আদর্শ—ন্যায়পরায়ণতা। বক্তব্যের শেষাংশে তিনি ধানের শীষের বিজয় কামনা করে বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন।

  • সর্বশেষ