চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ছিল ফুকুশিমায়। ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা দাইচি কেন্দ্র মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ করে দেয়া হয় ৫৪টি পারমাণবিক চুল্লি ও দেশটির সামগ্রিক পারমাণু বিদ্যুৎ কর্মসূচি।
আরও পড়ুন
তবে প্রায় ১৫ বছর পর আবারও দেশটির পারমাণবিক শক্তিতে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কাশিওয়াজাকি-কারিওয়া পুনরায় চালু করতে যাচ্ছে জাপান। দেশটির নিগাতা অঞ্চল কর্তৃপক্ষ নতুন করে এটি চালু করতে গ্রিন সিগনাল দিয়েছে।
নিগাতা প্রিফেকচারের বিধানসভা গভর্নর হিদেও হানাজুমির আস্থা ভোটে কার্যত কেন্দ্রটি আবার চালুর করার অনুমতি দেয়া হলো। আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার চেষ্টা হিসেবে জাপান নতুন করে সচল করার উপযোগী ৩৩টি চুল্লির মধ্যে ১৪টি এরই মধ্যে চালু করেছে।
টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান। নতুন করে সচল হওয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে কাশিওয়জাকি-কারিওয়া হবে প্রথম কেন্দ্র।
২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিপর্যয়ের পর আশেপাশের এলাকা ছেড়ে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ নিগাতায় আশ্রয় নেন। এখন নতুন করে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করা নিয়ে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। ভোটের আগে প্রায় ৩০০ বিক্ষোভকারী নিগিতা অ্যাসেম্বলির সামনে জড়ো হন।