প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটক সাজিয়ে ঠাকুরগাঁও জেলা আমিরকে আটকের অভিযোগ জামায়াতের

আয়কর বার্তা :ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নাটক সাজিয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের একজন দায়িত্বশীল আজ ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে গেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে ব্যবসার জন্য সাথে কিছু নগদ টাকা নিয়েছিলেন। এটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি টাকা বহনও করতে পারেন। এ কথা স্পষ্ট করার পরও এয়ারপোর্টের মতো একটি রেস্ট্রিক্টেট এরিয়ায় নাটক সাজিয়ে তাকে আটক করা হলো।

আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণকে মানসিক নির্যাতন উল্লেখ করে তিনি জানান, তিনি (ঠাকুরগাঁও জেলা আমির) একজন বয়স্ক লোক। মানসিক এই টর্চারের কারণে ইতোমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এখন রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ