প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মারা গেল টেকনাফের সেই গুলিবিদ্ধ শিশু

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা সুলতানা আফনান দীর্ঘ ২৭ দিন পর মারা গেছে। ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হুজাইফার সঙ্গে থাকা চাচা শাখাওয়াত।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ২৭ দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসা চললেও তার শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানে ৯ বছরের শিশুটি। 

চাচা শাখাওয়াত জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যু হয়, কিন্তু  প্রয়োজনীয় গুরুত্ব পেলে হয়তো হুজাইফাকে বাঁচানো যেত। তিনি সবার কাছে হুজাইফার জন্য দোয়া চেয়েছেন।

হুজাইফার মৃত্যুর খবরে তার বাড়ি ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হুজাইফার মা সুমাইয়া আক্তার বলেন, ‘ও আমার কলিজার পুতুলি। একবার মা বলে ডাকত। আজ কিছুই নেই।’ মেয়ের স্কুলের বই হাতে নিয়ে বারবার বিলাপ করতে দেখা যায় তাকে।
বাবা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রতিদিন মেয়ে জিজ্ঞেস করত—বাবা কোথায়? চকলেট আর কোক আনার কথা মনে করিয়ে দিত। এখন সেই ডাক আর শুনব না।’

ফুফু নাছিমা আক্তার অভিযোগ করে বলেন, সীমান্তে নিরাপত্তা দুর্বলতার কারণেই এমন ঘটনা ঘটেছে। হুজাইফা কোনো যুদ্ধ করেনি। তবুও গুলির শিকার হলো।

 
রাষ্ট্রের উচিত ছিল তার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেওয়া।

 

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয় হুজাইফা আফনান। সে লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়