প্রকৃতিতে সৌন্দর্য হলুদ শিমুল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে এমন বিস্ময়ের নাম দুষ্প্রাপ্য ‘হলুদ শিমুল’।
সম্প্রতি বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ এলাকায় গেলেই পথের ধারে চোখে পড়ে প্রায় ১০ ফুট উচ্চতার একটি পাতাঝরা শিমুল গাছ।
ডালে ডালে ফুটে আছে অসংখ্য উজ্জ্বল হলুদ ফুল। কোথাও একটি, কোথাও দুই-তিনটি, আবার কোনো কোনো ডালে ঝুলছে গুচ্ছ গুচ্ছ ফুল। সবুজ ও আধফোটা অসংখ্য কলিতে ভরা পুরো গাছটি। শীতের শেষে হলুদ শিমুল যেন ফাল্গুনের প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে তুলেছে।
বার্ড পার্কের মসজিদ প্রাঙ্গণে রয়েছে নানা প্রজাতির ফুলগাছের সমাহার। রঙে-রূপে, গন্ধে-গুণে সমৃদ্ধ এসব গাছ প্রতিনিয়ত দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে সবার মাঝেই আলাদা করে নজর কাড়ছে হলুদ শিমুল। স্থানীয়দের ভাষ্য, এ অঞ্চলে সাধারণত লাল বা লাল-হলুদ মিশ্র শিমুল বেশি দেখা যায়।
সম্পূর্ণ হলুদ শিমুল অত্যন্ত বিরল; আগে কখনো এই এলাকায় এমন ফুল চোখে পড়েনি।
বিরল এই গাছটি দেখতে প্রতিদিনই পার্কে ভিড় করছেন কৌতূহলী মানুষ। কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখছেন, কেউবা ছবি তুলছেন স্মৃতি ধরে রাখতে। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলছেন, ‘শিমুল তো লালই হয়, হলুদও হয় নাকি!’
দর্শনার্থী রুপম আচার্য্য বলেন, ‘শিমুল সব সময় লালই দেখেছি। নিজের চোখে হলুদ শিমুল দেখব ভাবিনি।
খুবই ব্যতিক্রম আর সুন্দর লাগছে।’ কলেজ শিক্ষার্থী সাম্মী আক্তার বলেন, ‘দূর থেকেই গাছটা আলাদা করে চোখে পড়ে। কাছে গিয়ে দেখি ডালে ডালে হলুদ শিমুল ফুল। ছবি না তুলে থাকা যায় না।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, প্রকৃতির বৈচিত্র্যের অনন্য উদাহরণ এই গাছ। ‘এ ধরনের বিরল প্রজাতি টিকিয়ে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যথাযথ সংরক্ষণ জরুরি। বিরল গাছ হিসেবে নিয়মিত পরিচর্যা প্রয়োজন।’