লক্ষ্মীপুর প্রতিবেদক : লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও সাধারণ সম্পাদক রফিক উল্যাসহ ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা নির্বাচিত হয়েছেন। এছাড়া চারটি পদে আওয়ামী লীগ পন্থি ও দুইজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়। এ নির্বাচনের জামায়াত কোনো প্রার্থী নির্বাচিত হননি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১২টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচিত মনিরুল ইসলাম হাওলাদার জেলা বিএনপির সদস্য এবং সাধারণ সম্পাদক রফিক উল্যা চন্দ্রগঞ্জ থানা কমিটির সদস্য বলে জানিয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।
এদিকে আদালতে আসার পথে ৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত সভাপতি প্রার্থী নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন বারকে পুলিশ আটক করেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থি এই দুই আইনজীবীকে গ্রেপ্তার দেখানো হয়। তারা বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। যদিও সভাপতি পদে নুরুল হুদা পাটওয়ারী ৬৪ ভোট পেয়েছেন। এছাড়া নিরাপত্তাজনিত কারণে জেলা আইনজীবীর সভাপতি ও সাবেক পিপি জসিম উদ্দিন ভোট দিতে পারেননি।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মো. আবদুল মজিদ, মো. সামছুদ্দিন, সহ-সম্পাদক কামরুল হাসান রনি, আরাফাত হোসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাহমুদুর রহমান মিশন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. রেহানুল ইসলাম, অডিটর জিহাদ হোসাইন, সদস্য আমিরুন নাহিন নেপচুন, নিগার হায়দার, মো. শিহাব উদ্দিন, মো. রাসেল হোসেন, মো. জাকির হোসেন মোহন ও মো. সাইফুল ইসলাম দিপু।