আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আরেকটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আজ শনিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজের একজন প্রতিনিধি যুদ্ধবিমানের বিধ্বস্ত কিছু অংশের ছবি পেয়েছেন। এ ছবিগুলো প্রমাণ করছে যে আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
তাসনিম নিউজের সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন, ওই যুদ্ধবিমানের বিধ্বস্ত অংশের ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ (এক্সজস্ট) দেখা গেছে। এর ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি একটি ‘এফ-১৬’ অথবা ‘এফ-৩৫’ হতে পারে। তবে এটি ‘এফ-১৬’ হওয়ার সম্ভাবনাই বেশি।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগে তেহরানসহ ইরানের বেশ কিছু শহরের ওপর দিয়ে কয়েকটি যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো।
এ সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধবিমান থেকে ‘ফ্লেয়ার’ (এক ধরনের অগ্নিপিণ্ড) ছোড়া হয়। তবে প্রাপ্ত তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে যে, এ যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি সম্ভবত ভূপাতিত হয়েছে।
তবে সাম্প্রতিকতম এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।