আয়কর বার্তা রিপোর্ট:
নারী উন্নয়ন শক্তি (এনইউএস) এর উদ্যোগে বনশ্রী, ঢাকায় বিশ্ব পথশিশু দিবস ২০২৬ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল, পথশিশুদের সংখ্যা কমিয়ে আনতে সরকারের বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ এবং এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা। সুবিধা বঞ্চিত শিশুদের মায়েদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভা ১২ এপ্রিল ২০২৬ তারিখ অনুষ্ঠিত হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সভাপতি ও নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন। উপস্থাপিত তথ্যানুযায়ী, ইউনিসেফ বাংলাদেশ এর সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে প্রায় ৩৪ লক্ষ (৩.৪ মিলিয়ন) শিশু পথপরিস্থিতিতে বসবাস করছে। এদের অনেকেই রাস্তায় বসবাস করে, জীবিকা নির্বাহ করে এবং চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটায়। এছাড়াও দেশে প্রায় ৫৬.৯ মিলিয়ন শিশু (০–১৭ বছর) রয়েছে, যাদের একটি বড় অংশ দারিদ্র্য, সহিংসতা, শিশুশ্রম ও বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে; এর মধ্যে প্রায় ১১.৩% শিশু শিশুশ্রমে নিয়োজিত।
সভায় বক্তারা পথশিশুদের বহুমাত্রিক সংকট ও প্রধান সমস্যাসমূহ তুলে ধরেন, যেমন: নিরাপদ আশ্রয় ও বাসস্থানের অভাব, শিক্ষা থেকে বঞ্চিত হওয়া, স্বাস্থ্যসেবা ও পুষ্টির ঘাটতি, শারীরিক ও যৌন নির্যাতনের ঝুঁকি, মাদকাসক্তি ও অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা, সামাজিক বৈষম্য ও অবহেলা।
ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক বলেন, পথশিশুদের সমস্যাকে সাময়িক সহায়তার মাধ্যমে নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও রাষ্ট্রীয় বাজেটের মাধ্যমে সরকারকেই সমাধান করতে হবে। ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস এন্ড ক্লাইমেট (ওয়াই ডব্লিউ ডি আর সি) এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ বলেন, পথশিশুদের জন্য আলাদা সুরক্ষা কাঠামো ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি জরুরি, যাতে তারা মূলধারার জীবনে ফিরে আসতে পারে। গ্লোবাল ওয়ার্কফোর্স সার্ভিসেস (জি ডব্লিউ এস) এর প্রতিনিধি লামিয়া হাসান উল্লেখ করেন, দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করলে পথশিশু সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এফ সি এইচ ডি এর নির্বাহী সদস্য শাহানারা বেগম বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি জোরদার করা জরুরি। সভায় আরো বক্তব্য রাখেন, ডোমেস্টিক ওয়ার্কার এম্প্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর প্রচার সম্পাদক সেলিনা খাতুন, নারীর উন্নয়ন শক্তির নির্বাহী সদস্য বিলকিস আক্তার, সুবিধাবঞ্চিত নারীদের প্রতিনিধি মনোয়ারা বেগমসহ প্রমুখ।
সরকারের কাছে বক্তাদের ঐক্যবদ্ধ দাবি ও সুপারিশসমূহ-
১. পথশিশুদের জন্য বিশেষ বাজেট বরাদ্দ বৃদ্ধি করা, ২. জাতীয় পর্যায়ে সমন্বিত পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা, ৩. বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা
৪. শিশুশ্রম নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ৫. দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, ৬. পথশিশু সুরক্ষায় আইন বাস্তবায়ন জোরদার করা।