প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত নারী আসন বিএনপির ৩৬ নারী আসনে সহস্রাধিক আবেদন জমা

অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে বিএনপির জন্য সংরক্ষিত ৩৬টি নারী আসনের বিপরীতে দলটির মনোনয়ন ফরম জমা দিয়েছেন এক হাজারেরও বেশি প্রার্থী। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত শুক্রবার মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদান কার্যক্রম শুরু হয়ে গতকাল রাত ১০টায় শেষ হয়। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয় ২ হাজার টাকা। এ ছাড়া জামানত হিসেবে প্রার্থীদের ৫০ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের স্ত্রী, কন্যা ও পুত্রবধূ, দলের নির্বাহী কমিটিতে থাকা নারীনেত্রী, মহিলা দলের নেত্রী, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, কণ্ঠশিল্লী, নৃত্যশিল্পী, লেখক-গবেষক, ছাত্রদলের সাবেক নেত্রীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি, স্বতন্ত্ররা পাবেন একটি আসন।

প্রসঙ্গত ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ১৫টি আসন নারীদের জন্য সংরক্ষিত ছিল। ধাপে ধাপে বেড়ে বর্তমানে তা ৫০টিতে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়