প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা, তবে অসুস্থ হলে


আয়কর বার্তা রিপোর্ট:

সম্মিলিত  ইসলামী ব্যাংকের শারীরিকভাবে অসুস্থ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করা হয়েছে। চিকিৎসার প্রয়োজন হলে তারা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি জানান।

শাহরিয়ার সিদ্দিক বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ নির্দেশনা সংশ্লিষ্ট ব্যাংকের প্রশাসকদের দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহক সত্যিই অসুস্থ কিনা, তা যাচাই-বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন।

তিনি জানান, গ্রাহকরা ইতোমধ্যে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছু সময় অপেক্ষা করার আহ্বান জানান। পর্যায়ক্রমে সবাই টাকা পাবেন। সরকারের সরবরাহ অনুযায়ী অর্থ ছাড় করা হচ্ছে, শুরুতে ২ লাখ টাকা করে প্রদান করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগও চলমান রয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় প্রশাসনিক ও কাঠামোগত সমন্বয়ের কাজ চলছে। প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একত্র করে একটি শাখায় রূপ দেওয়া হচ্ছে এবং অপ্রয়োজনীয় ভাড়া করা প্রধান কার্যালয় ধাপে ধাপে বন্ধ করা হচ্ছে।

আইটি খাতেও সমন্বয় আনা হচ্ছে। ভিন্ন ভিন্ন কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করে একটি প্ল্যাটফর্মে আনতে বিশেষজ্ঞরা কাজ করছেন। পাশাপাশি জনবল ব্যবস্থাপনা আরও দক্ষ করতে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

 

পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। আমানতকারীদের আরও কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ