আয়কর বার্তা রিপোর্ট:
বরিশাল বিভাগীয় কর আইনজীবী সমিতি, ঢাকা-এর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট মুহাম্মদ শাহাবুদ্দিন আর নেই। তিনি সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বন্ধু মহলে ঝন্টু নামে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে স্ত্রী এলিজা খান, ছেলে শাদমান সাকিব, মেয়ে তরুনিমা তাবাসসুমসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রায় এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন।
মরহুম শাহাবুদ্দিন ১৯৫৮ সালের ১ জুন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল কালাম হাওলাদার এবং মাতা সুফিয়া খাতুন।
পৈতৃক নিবাস বরিশাল শহরের জর্ডন রোডে হওয়ায় তিনি বরিশাল জেলা স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এলএল.বি ডিগ্রি লাভ করে আইন পেশায় যোগ দেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি আয়কর আইন পেশার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এ ক্ষেত্রে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, আজ বাদ আসর আদাবর থানা রোডের ৭ নম্বর বায়তুল আমান মসজিদ সোসাইটিতে জানাজা শেষে মোহাম্মদপুর তাজমহল রোডস্থ ঈদগাহ মসজিদ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।