প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুর সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

 কাওছার হোসেন উজিরপুর (বরিশাল): বরিশালের উজিরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ মীরার বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও তার হাতে নির্যাতনের শিকার একাধিক পরিবার। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে এক নারী অভিযোগ করে বলেন, ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে ইউসুফ মীরা এলাকায় জমি দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।অভিযোগ রয়েছে, থানা পুলিশকে ম্যানেজ করে জনসাধারণকে হয়রানি করে।প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য জমি সংক্রান্ত বিরোধ সৃষ্টি করে রাজনৈতিক মামলায় প্রতিপক্ষকে জড়িয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বক্তারা বলেন, এসব কর্মকাণ্ডের ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং নিজ দলের নেতাকর্মীরাও তার নির্যাতনের শিকার হয়েছেন। মানববন্ধনে ইউসুফ মীরার চাচাতো ভাই সৈয়দ নান্টু অভিযোগ করেন, তার মালিকানাধীন জমির ওপর দিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথ নির্মাণের জন্য ইউসুফ মীরা উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে পুল নির্মাণ কাজ শুরু করেন। গত ২১ ফেব্রুয়ারি কাজ শুরু হলে জমির ওয়ারিশগণ ও এলাকাবাসী বাধা দিলে ইউসুফ মীরা দলবল নিয়ে গ্রামবাসীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয় এবং তিনি কাজ বন্ধ করে দেন বলে দাবি করেন নান্টু। এরপর থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। এদিকে অভিযোগের বিষয়ে সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ ইউসুফ মীরা বলেন, মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা রাজনৈতিক বিদ্বেষ থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমি তিনি বৈধভাবে দলিলের মাধ্যমে ক্রয় করেছেন এবং কারও কাছ থেকে চাঁদা দাবি করেননি। তার ভাষ্য, হিংসা ও প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়