রাজধানীতে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
আয়কর বার্তা রিপোর্ট: বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলা এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভার্চুয়াল শ্রেণি-কার্যক্রমের মাধ্যমে এই পাইলট প্রকল্পের আনুষ্ঠানিকতা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার, বুধবার) সশরীরে এবং তিন দিন (রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার) অনলাইন পদ্ধতিতে ক্লাস অনুষ্ঠিত হবে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন গত ৯ এপ্রিল এক সভায় জানান, ডিজিটাল অ্যাডুকেশনের দিকে শিক্ষার্থীদের মোটিভেটেড করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
রাজধানীর পাইলট প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে এটি সারা দেশে কার্যকর করা হতে পারে।
আজকের অনলাইন ক্লাসে দেখা গেছে, শিক্ষকরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষ থেকেই ভার্চুয়ালি পাঠদান পরিচালনা করছেন। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ক্লাসে অংশ নিচ্ছেন। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হলেও দ্রুততম সময়ের মধ্যে স্কুল শাখায়ও এটি কার্যকর করা হবে।
জ্বালানি সাশ্রয়ে অফিসসূচিতে পরিবর্তনের পর এবার শিক্ষা খাতেও একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ বিষয়ে মতামত নিতে গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অংশীজনদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হলো।