অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর শাহবাগ থানায় হামলার ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসের পরিবেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়।
অভিযুক্ত শিক্ষার্থীকে ইতিমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।