আয়কর বার্তা ডেস্ক: অনলাইনে ই-রিটার্ন দাখিল পদ্ধতি সহজ হওয়ায় ২০২৫-২৬ করবর্ষে এখন পর্যন্ত প্রায় ৩৯ লাখ আয়কর রিটার্ন অনলাইনে জমা পড়েছে। এক্ষেত্রে প্রবাসীদের থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন; কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না, তাদের জন্য সম্প্রতি ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি চালু করা হয়েছে। এই সুবিধার আওতায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানোর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এনবিআর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন হয়।
এনবিআর বলছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই ব্যাপক আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।