প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়কর আইনজীবী আহমেদ আযম খান সংসদ সদস্য নির্বাচিত


আয়কর বার্তা রিপোর্ট:
২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খ্যাতনামা আয়কর আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি নির্বাচিত হওয়ায় আইনজীবী সমাজ ও পেশাজীবী মহল সন্তোষ প্রকাশ করেছে।
অ্যাডভোকেট আহমেদ আযম খান একজন সিনিয়র আয়কর আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন। আয়কর আইন ও করনীতি বিষয়ে তার গভীর অভিজ্ঞতা ও দক্ষতা তাকে জাতীয় পর্যায়ে সুপরিচিত করেছে। তিনি কর আইন সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ মামলায় সফলভাবে প্রতিনিধিত্ব করেছেন এবং আয়কর আইনজীবীদের অধিকার ও পেশাগত উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন।
অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের জীবন সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনসহ দেশের আয়কর আইনজীবী সমাজ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। বিভিন্ন আয়কর আইনজীবী সংগঠন ও পেশাজীবী মহল আশা প্রকাশ করেছেন, সংসদে তার উপস্থিতি কর আইন সংস্কার, কর প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি এবং করদাতাবান্ধব নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইনজীবী সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা মনে করছেন, একজন অভিজ্ঞ আয়কর আইনজীবী হিসেবে জাতীয় সংসদে তার প্রতিনিধিত্ব দেশের রাজস্ব ব্যবস্থাপনা, কর আইন আধুনিকীকরণ এবং জাতীয় অর্থনৈতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ইতিবাচক  প্রভাব ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়