আয়কর বার্তা রিপোর্ট: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কারণে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে নিয়মিত বাণিজ্যিক লেনদেন স্থগিত রেখেছিল ভারতীয় কর্তৃপক্ষ।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্ধারিত সময় শেষে আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাকের চলাচল স্বাভাবিক হয়েছে। যদিও এই বন্ধের সময়ে পচনশীল পণ্য পরিবহন এবং জরুরি চিকিৎসা প্রত্যাশীদের যাতায়াতে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল।
বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন নিশ্চিত করেছেন যে, সকাল থেকেই ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু করেছে এবং রপ্তানি কার্যক্রমও গতি পেয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বন্ধের সময় দাপ্তরিক কাজ সচল রাখা হয়েছিল এবং বর্তমানে বাণিজ্য পুরোদমে শুরু হওয়ায় বন্দর এলাকায় আবারও ব্যাপক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিরতির পর আমদানিকৃত পণ্য খালাস দ্রুত সম্পন্ন করতে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এখন তৎপর রয়েছে।