শিল্পসচিব বলেন, এ উদ্যোগের ফলে আমদানীকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ ব্যয় কমবে।
আয়কর বার্তা রিপোর্ট:আমদানীকৃত পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের বন্দরে ড্যামারেজ খরচ থেকে রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
শিল্পসচিব বলেন, এ উদ্যোগের ফলে আমদানীকৃত পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ড্যামারেজ ব্যয় কমবে।
তিনি আরো বলেন, সরকার নিজে ব্যবসা করে না; বরং ব্যবসাবান্ধব নীতি সহায়তা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেয়। দেশের উন্নয়নের গতি বজায় রাখতে ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় সরকার পাশে থাকবে।
বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।