আয়কর বার্তা রিপোর্ট: বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উপলক্ষে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে ৭ দিনের এসএমই বৈশাখী মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই মেলা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এ সময় আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ও শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।
মেলার আয়োজকরা জানান, মেলায় ১৫০টিরও বেশি স্টলে হস্ত ও কারুশিল্প পণ্য, পাটজাত পণ্য, তৈরি পোশাক ও ফ্যাশন সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, ঐতিহ্যবাহী/হেরিটেজ পণ্য, প্রস্তুত খাবার ও স্ট্রিট ফুড, কৃত্রিম গয়না, চামড়াজাত পণ্য এবং সুগন্ধি ও লাইফস্টাইল পণ্যের এসএমই উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করবে। এটি শুধু একটি মেলা নয়—এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আয়োজন, যেখানে একসঙ্গে উপভোগ করা যাবে কেনাকাটা, বিনোদন, লাইভ পরিবেশনা এবং লোকজ ঐতিহ্যের অসাধারণ সমন্বয়।