আয়কর বার্তা রিপোর্ট: ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাব (সিএএসএ) খাতে ২ হাজার ১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকটির ইতিহাসে এ খাতে এটি অন্যতম শক্তিশালী পারফরম্যান্স হিসেবে বিবেচিত হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানায়, গ্রাহকদের ধারাবাহিক আস্থা, সম্পর্কভিত্তিক ব্যাংকিং এবং একটি স্থিতিশীল ও বৈচিত্র্যময় তহবিল কাঠামো গড়ে তোলার কৌশলের ফলেই এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। দেশজুড়ে ৩১০টি শাখা ও উপ-শাখার বিস্তৃত নেটওয়ার্ক এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবাও এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিএএসএ আমানতের এ প্রবাহ ব্যাংকটির স্বল্প খরচের তহবিল সংগ্রহ সক্ষমতা আরও জোরদার করেছে। এর ফলে শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নসহ উৎপাদনশীল বিভিন্ন খাতে ঋণ বিতরণ বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ব্যাংকটি।
এই সাফল্য উদ্যাপন উপলক্ষ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, শক্তিশালী সিএএসএ প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শিট গঠনের অন্যতম ভিত্তি। এ অর্জন গ্রাহকদের আস্থা ও ব্যাংকের টিমের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
তিনি আরও জানান, ভবিষ্যতে তহবিল ভিত্তি আরও শক্তিশালী করে ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে চায় ব্যাংকটি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আশফাক, মো. মাহানীয়ুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।