আয়কর বার্তা : আবারও কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৫ মার্চ) জারি করা এক আদেশে কোম্পানির রিটার্ন জমার সময়সীমা ১৫ মার্চ থেকে বাড়িয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
এর আগে এনবিআর দুই দফায় সময় বাড়িয়ে কোম্পানি করদাতাদের রিটার্ন জমার শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ও পরে ১৫ মার্চ নির্ধারণ করেছিল।
করনীতির দ্বিতীয় সচিব একরামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪–২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বৃদ্ধি করা হলো।’
সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন এনবিআরে চিঠি দেয়।
এর আগে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।