প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমি অনেক স্বাধীন’

ক্রীড়া প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬

আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টির লড়াই। বন্দরনগরী চট্টগ্রামে প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। ওয়ানডের পর কুড়ি ওভারের ক্রিকেটেও ভালো করার ব্যাপারে আশাবাদী লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে আরও নানান বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। বিস্তারিত-

* বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের উইকেট কেমন হতে পারে?

লিটন : উইকেটটা দেখেছি। উইকেট তো দুই দলের জন্যই সমান থাকবে। যতক্ষণ পর্যন্ত না খেলা হচ্ছে, বলতে পারছি না। তবে দেখে মনে হয়েছে, ভালো উইকেট হবে। নতুন যে কিউরেটর (হেমিং), খুব ভালো উইকেট আমাদেরকে দিচ্ছেন অনেক দিন ধরেই। কাজেই আশা করি, এটাও ভালো উইকেট হবে।

* টি-টোয়েন্টি দলে বোলিং বিভাগে নতুনদের সুযোগ দেওয়াকে কীভাবে দেখছেন?

লিটন : বোলারদের ক্ষেত্রে রোটেশন করা তুলনামূলক সহজ। আপনারাও জানেন, আমাদের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই সিরিজে নেই। তারা দলের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে ইনজুরিতে পড়ে যাক। সামনে আমাদের ওয়ানডে ও টেস্ট দুই ফরম্যাটেই অনেক ম্যাচ রয়েছে। এ বিষয়গুলো মাথায় রেখেই আমরা কিছু পরিবর্তন আনতে শুরু করেছি। আর যেহেতু বিশ্বকাপ এখনও বেশ দূরে, খেলোয়াড়দের গড়ে তোলার জন্য যথেষ্ট সময় আছে। নতুনদের ম্যাচ খেলানোর জন্য এটাকে আমরা ভালো একটি সুযোগ হিসেবে দেখছি।

* টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি থেকে অধিনায়ক হিসেবে দল পরিচালনায় কেমন স্বাধীনতা পাচ্ছেন?

লিটন : আমি অনেক স্বাধীন। আমি আমার মতো করেই দল গোছাচ্ছি। এর সঙ্গে নির্বাচক আছেন, কোচ আছেন। আমাদের সবার পরিকল্পনার মাধ্যমেই আমরা দলটাকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

* ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলতে পারেননি। সে জায়গা থেকে নিশ্চয় দলের সবাই বের হয়ে আসতে পেরেছেন?

লিটন : আমার মনে হয়, অবশ্যই সবাই মুভ অন করেছে। কারণ বিশ্বকাপের সময় আমরা একটি টুর্নামেন্টও খেলেছি, যেখানে সবাই চেষ্টা করেছে ভালো ক্রিকেট খেলতে। আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই প্রত্যেক ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই সেভাবেই চিন্তা করবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, জেতার যে মানসিকতা দরকার, সেটা নিয়েই মাঠে নামবে।

* অধিনায়ক হিসেবে আব্দুল গাফফার সাকলাইনকে কীভাবে মূল্যায়ন করছেন?

লিটন : সাকলাইন আমার চোখে অলরাউন্ডারের ক্যাটাগরিতে। ও বিপিএল লিগে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। যেখান থেকেই কিন্তু এই... ‘আই ক্যাচিং’ বলে একটা ব্যাপার আছে না, সেখান থেকেই। কাজেই চেষ্টা করব এখানে গ্রুমিং করে করে দলের সঙ্গে রেখে রেখে যেন একটা সময়ে গিয়ে তাকে আমরা খেলাতে পারি এবং খেলায় যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে।

* সাকলাইন, রিপনদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে কিনা?

লিটন : আমার সব বোলারই খুব ভালো। যদি দেখেন মোস্তাফিজ তো মোস্তাফিজই, তার জায়গা পূরণ করাটা খুবই কঠিন। কিন্তু এটা মনে রাখতে হবে, যেদিন মোস্তাফিজ খেলবে না, কোনো কারণে ইনজুরড হয়ে গেলে কোনো না কোনো ক্রিকেটারকে তো খেলতে হবে। ওই চেষ্টাটা করেই আমরা কিন্তু এই দলটা তৈরি করার চেষ্টা করছি। এই ছেলেরা যত গেম টাইম পাবে, তারাও একটা সময়ে উন্নতি করে করে মোস্তাফিজের মতো না হলেও হয়তো কাছাকাছি যেতে পারবে।

* টি-টোয়েন্টিতে আপনার ব্যাটিং পজিশন...

লিটন : ফরম্যাট অনুযায়ী মানুষ মানসিকতা বদলায়। টেস্টে যখন খেলি, তখন ছয়ে ব্যাটিং করি, সেটা আলাদা ফরম্যাট। ওয়ানডেতে এখন আমাকে দল থেকে ভিন্ন একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তাই আমি সেই দায়িত্ব পালনের চেষ্টা করছি। টি-টোয়েন্টিতেও আমি আমার দায়িত্বটা জানি, তাই খুব একটা সমস্যা হবে না।

* দীর্ঘমেয়াদে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়াটাকে কীভাবে দেখছেন?

লিটন : তারা মনে করেছে আমি যোগ্য। আমি আমার কাজ করার চেষ্টা করব। দল যেভাবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিল, প্রস্তুতি তেমন থাকবে। অবশ্য এখনও যথেষ্ট সময় আছে।

* ২০২৮ সালের বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করতে চান কিনা?

লিটন : আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর অবশ্যই যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুব ভালো, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতিটাও খুব ভালো ছিল। চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়