প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডান ও কিংসের জয়

ক্রীড়া ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয়রথ ছুটছে বর্তমান চ্যাম্পিয়ন কিংসেরও। শনিবার গাজীপুরে সাদা-কালোরা ৩-১ গোলে হারিয়েছে পিডব্লিউডিকে। কিংস অ্যারেনায় স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে।

কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত আবদুল কাইয়ুম সেন্টু ভালোই চালিয়ে নিচ্ছেন মোহামেডানকে। তার অধীনে সাদা-কালোরা কোনো ম্যাচ হারেনি। তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ছে। কালও জিতেছে তারা। মোহাম্মদ জুয়েল ১৮ মিনিটে প্রথম গোল করে সাদা-কালোদের এগিয়ে নেন। ৮৫ মিনিটে রাশিয়ার মারাত তারেক গোল করে সমতায় ফেরান পিডব্লিউডিকে। ৮৯ মিনিটে মোহামেডান আবারও এগিয়ে যায়। পেনাল্টি থেকে মুজাফফরভ গোলকিপারের বিপরীত দিক দিয়ে জাল কাঁপান। যোগ করা সময়ে মোহামেডান তৃতীয় গোল করে পিডব্লিউডির হার সুনিশ্চিত করে। রাফায়েল টুডু একক প্রচেষ্টায় বল নিয়ে পোস্টে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দারুণভাবে ফিনিশিং করেন। মাঠে রেফারির সঙ্গে অসহিষ্ণু আচরণ করায় মোহামেডানের অফিসিয়াল আনোয়ার হোসেন লালকার্ড দেখেন। ১৪ ম্যাচে চতুর্থ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। পিডব্লিউডি সমান ম্যাচে আগের ১৩ পয়েন্টে রেলিগেশন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে।

অন্যদিকে কিংস অ্যারেনায় ফের স্বাগতিক দলের ত্রাতা হয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিজেলটন গোমেজ। তার দেওয়া একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায় কিংস। কিংস অ্যারেনাতে স্বাগতিকরা কালও এক বিদেশি নিয়ে খেলেছে। পারিশ্রমিক না পাওয়ায় বিদেশিরা ধর্মঘটে আছে বলে খবর চাউর আছে। একমাত্র ডরিয়েলটন পারিশ্রমিক পেয়ে খেলছেন; গোলও করেছেন তিনি। ১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রতে ৩১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে কিংস। ব্রাদার্স ইউনিয়ন এক ম্যাচ কম খেলে সাত হারে ১৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে পুলিশ ক্লাব ৩-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়