প্রকাশিত : ২১ মার্চ, ২০২৬, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালপুরে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৪ শিশুর

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত ভাসমান ড্রাম ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামণি (১০), ঝালুরচর এলাকার শের আলীর আব্দুল ছেলে মোতালেব (৬),  খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)। 

স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ব্রহ্মপুত্র নদের পারে ঘুরতে আসে।

এ সময় শতাধিক মানুষ ভাসমান ড্রাম ব্রিজে ওঠে। হঠাৎ অতিরিক্ত চাপে ব্রিজটি ভেঙে নদে পড়ে যায়। এতে শিশুসহ অনেকেই পানিতে পড়ে যায়। পরে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, ‘এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত চিকিৎসাধীন রয়েছে। উদ্ধার অভিযান চলছে।’

এদিকে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

 

  • সর্বশেষ