প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের নাছিরের পোস্ট হাতিয়ার ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। 

এতে নাছির উদ্দীন নাছির লিখেছেন, ‘সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে।’

তিনি লেখেন, ‘তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই-আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক, এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক।’

‘কিন্তু যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে’, লেখেন ছাত্রদলের এই নেতা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়