আয়কর বার্তা : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন নতুন যুক্ত হওয়া অঞ্চল ৬ থেকে ১০ এর মধ্যে নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডিএসসিসি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দফতর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব করা হয়েছে অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলীকে। কমিটির অন্য সদস্যরা হলেন– ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে অঞ্চল ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।