আয়কর বার্তা : ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রল, অকটেন ও ডিজেল নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, ‘আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না। সবাই চাহিদামতো তেল কিনতে পারবেন।’
আজ রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘রোজার ঈদ সামনে রেখে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।’
এ সময় তিন কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘কারণগুলো হলো-প্রথমত বেশ কিছু তেলের জাহাজ এসেছে, দ্বিতীয়ত সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।’
এরই মধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রতিপালন করার জন্য যা যা করা দরকার, তাই করব।’
তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের দাম বাড়বে কি বাড়বে না, এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক কিছু না। তবে আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।’
এর আগে পেট্রল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা গতকাল শনিবারই জানিয়েছিল সরকার।