আয়কর বার্তা রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী এভারকেয়ার হাসপাতালে যান।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।
বার্তায় বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর আগে বিএনপি মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।