প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১০:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার রক্ষায় ১০ দফা দাবি উত্থাপন

 

আয়কর বার্তা রিপোর্ট: 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “নারীর নিরাপত্তা, দক্ষতা, কর্মসংস্থান ও উন্নয়নে বাজেট বৃদ্ধি করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ মার্চ ২০২৬ তারিখে নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (এনইউএস), ফোরাম ফর কালচার এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি), ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইট এন্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং ডোমেস্টিক ওয়ার্কার এম্প্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিডব্লিউইএবি)।

সভায় প্রধান বক্তা হিসেবে নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক এবং ডিডব্লিউইএবি-এর সভাপতি ড. আফরোজা পারভীন বলেন, নারীর নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী উন্নয়ন, দক্ষতা প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষায় বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা জরুরি। নিরাপদ কর্মপরিবেশ, আইনি সহায়তা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

এফসিএইচডি-এর সভাপতি সাহিদা ওয়াহাব বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।

ওয়াইডব্লিউডিআরসি-এর এক্সিকিউটিভ চেয়ারপারসন নুসরাত সুলতানা আফরোজ তরুণ নারীদের প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ডিডব্লিউইএবি-এর সেক্রেটারি জেনারেল নাসিমা খান বলেন, গৃহশ্রমিকসহ অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সদস্য ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক বলেন, নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, সামাজিক নিরাপত্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও বাজারসংযোগ বাড়ানো হলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, শিলিডের সদস্য তাসনুভা হক, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুরশিদা আখতার, বাংলাদেশ অভিবাসী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক স্বপ্না আক্তার, বাংলাদেশ হোম ওয়ার্কার্স ফেডারেশনের এডভোকেট লাইজু আক্তার এবং বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মী সংঘের সাধারণ সম্পাদক আশা আক্তার।

সভায় বক্তারা নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ১০ দফা দাবি উত্থাপন করেন—
১।নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ ও বিচার প্রক্রিয়া কার্যকর করা। ২। নারীর নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য বাজেট বৃদ্ধি। ৩। প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণে নারীদের সুযোগ সম্প্রসারণ। ৪। নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও বাজারসংযোগ বৃদ্ধি। ৫। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর মনিটরিং ব্যবস্থা। ৬। গৃহশ্রমিকসহ অনানুষ্ঠানিক খাতে কর্মরত নারীদের আইনি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা।
৭। নারীদের জন্য নিরাপদ পরিবহন ও কর্মপরিবেশ নিশ্চিত করা। ৮। গ্রামীণ নারীদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি। ৯। নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করা। ১০। সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি।


সভায় বক্তারা আশা প্রকাশ করেন নারীর নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়