প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ন্যায্য অধিকার নিশ্চিতের আশ্বাস আইনমন্ত্রীর

আয়কর বার্তা রিপোর্ট: 
২৪ এপ্রিল ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আমরা চেষ্টা করব এই অঞ্চলকে তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য। তিনি রেলপথ প্রতিষ্ঠা ও উন্নয়ন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এলাকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে জোর দেন। তিনি বলেন, সবাই আমরা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এই এখানেই আমাদের রাজনীতিকদের চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ও তোকে ধারণ করে আমরা একসাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।
সম্মেলনে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া কল্যাণ ফোরামের সভাপতি ও সিনিয়র সচিব (পিআরএল) ডঃ খ. ম. কবিরুল ইসলাম। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চল সম্ভাবনাময় হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কর্মসংস্থানের ঘাটতির কারণে এ অঞ্চলের উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারেনি। তিনি আরও বলেন, “এই অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সুসমন্বিত পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা।” তিনি সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উন্নয়নে শিক্ষা ও গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী না করলে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়।” তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ফোরামের মহাপরিচালক মহ: মনিরুজ্জামান বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য একটি সুসংহত ও সমন্বিত রোডম্যাপ প্রণয়ন অত্যন্ত জরুরি। তিনি কৃষি, শিল্প, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়নের সমন্বিত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, “স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পনা গ্রহণ করলে দক্ষিণ-পশ্চিম অঞ্চল দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।”
সম্মেলনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর মহাপরিচালক ও জয়েন্ট সেক্রেটারি মোঃ রুহুল আমিন তার মূল প্রবন্ধে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, কৃষি ও মৎস্য খাতের পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি জলবায়ু সহনশীল কৃষি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, রপ্তানি বৃদ্ধির সুযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, “সঠিক পরিকল্পনা ও বিনিয়োগ নিশ্চিত করা গেলে এই অঞ্চল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর, সংসদ সদস্য, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজা, কুষ্টিয়া-৪ সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের  সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, মেহেরপুর-১ আসনের  সংসদ সদস্য মোঃ তাজউদ্দিন খান  মেহেরপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ নাজমুল হুদা, ঝিনাইদহ-২ আসনের সংসদ আসনের  আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য  মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের মোহাম্মদ আবু তালিব, ঝিনাইদহের প্রশাসক জেলা পরিষদ মোঃ আব্দুল মজিদ। জুলাই বিপ্লবে শহীদ ইয়ামিনের পিতা মোঃ মহিউদ্দিন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড, আফরোজা পারভীন ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।
বক্তারা সকল অংশীজনের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন। অন্যান্য বক্তারাও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়