আয়কর বার্তা রিপোর্ট:
মাধবপাশা সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ১৪টি অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৮ মার্চ বুধবার (২৮ রমাদান) সকালে মাধবপাশা বাজারের পূর্বমাথায় মারজান টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোঃ বাকের হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান অলিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম রানা, সভাপতি মাহমুদ সরদার, সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, উপদেষ্টা সৈয়দ আলী হোসেন, আবু তালেব, হানিফ তালুকদার, মনির শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জানান, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র (কম্বল) প্রদান, ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প আয়োজন, বিনামূল্যে ওষুধ বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা, অসুস্থ রোগীদের আর্থিক সহযোগিতা, ঘরবাড়ি মেরামতে সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।