প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনের প্রথম নারী প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন

আয়কর বার্তা : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) গঠিত হওয়ার পর এই প্রথম করপোরেশনের কার্যক্রম পরিচালনার জন্য চেয়ারটিতে বসানো হলো নারী প্রশাসক। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সর্বপ্রথম নারী প্রশাসকের দায়িত্ব পেলেন।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিনকে স্থানীয় সরকারের বিশেষ সেবাদানকারী প্রতিষ্ঠান বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

শনিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। ওই প্রজ্ঞাপনে একইসঙ্গে দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

এদিকে সিটি করপোরেশনের প্রশাসক পদে বিলকিস জাহান শিরিনের নিয়োগের খবরে পেয়ে নগরজুড়ে বইছে আনন্দের জোয়ার। পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা।

দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কাছেও বিলকিস জাহান শিরিনের সখ্যতা দীর্ঘ বছরের।

এছাড়াও এই খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গে বরিশালের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও অভিনন্দনের ঝড় উঠেছে। বিলকিস জাহান শিরিনের কর্মী সমর্থকদের পাশাপাশি বরিশাল বিএনপির নেতাকর্মীরাও তাদের নিজ নিজ ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

মহানগর বিএনপির কয়েকজন নারী কর্মীরা জানান, ‘বরিশাল সিটি করপোরেশনে প্রথমবারের দায়িত্বে এসেছেন কোন নারী। তিনি নারীদের সমস্যা চিহ্নিত করবেন। সকলের সাথে মিশে কাজ করবেন।’ ‘নতুন প্রশাসক নগরীর সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। যাতে নগরবাসী একটু সুন্দর শহর উপহার পায়।’ এটাই তার কাছে আমাদের আশা।

বিলকিস জাহান শিরিন বলেন, তাদের ‘দলীয় প্রধান ও সরকার প্রধান তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘দায়িত্ব দেয়া হয়েছে জনগণের সেবায়। আশা করি সেই দায়িত্ব সততার সাথে পালন করে নগরবাসীকে ভালো কিছু উপহার দেব।’

জানা গেছে, বিলকিস জাহান শিরিন ১৯৮৪ সালে ব্রজমোহন (বিএম) কলেজ রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যুক্ত হন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯০ সালে বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন।

১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন। একই সাথে ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং ১৯৯৭ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।

২০০০ সালে বরিশাল মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, ২০০৩ সালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ২০০৯ সালে বিএনপির বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই বছর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ করেন তিনি। ২০১১ সালে বিএনপির বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ছিলেন।

তিনি অষ্টম জাতীয় সংসদের মহিলা আসন ০৬ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে বিলকিস আক্তার জাহান শিরিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়