স্টার সিনেপ্লেক্সে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’
বিনোদন ডেস্ক
০৩ মে ২০২৬
দীর্ঘ দুই দশকের বিরতি শেষে পর্দায় ফিরল হলিউডের সাড়া জাগানো সিনেমা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’-এর সিক্যুয়েল। ২০০৬ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার এই ছবির দ্বিতীয় কিস্তি ১ মে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও প্রদর্শিত হচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। ডেভিড ফ্রাংকেল পরিচালিত এই কিস্তিতেও মূল আকর্ষণে রয়েছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। ফ্যাশন দুনিয়ার চাকচিক্য আর করপোরেট রাজনীতির আবহে এবার অ্যান্ডি স্যাক্সকে দেখা যাবে ফিচার এডিটরের গুরুত্বপূর্ণ পদে। ৭৬ বছর বয়সে মেরিল স্ট্রিপের সেই তেজস্বী অভিনয় আর দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যান ও এমিলির চিরাচরিত খুনসুটি আবারও দর্শকদের মুগ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে। ২০০৬ সালে আলোড়ন তোলা সিনেমাটির উত্তরসূরি হিসেবে এটিও বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।