প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াইটা শাকিব-শুভর ঈদুল আজহার সিনেমা

অনলাইন ডেস্ক

২৫ এপ্রিল ২০২৬

সিনেমাপ্রেমীরা অপেক্ষায় থাকেন দুই ঈদের! কারণ সিনেমা ইন্ডাস্ট্রি এখন ঈদনির্ভর। দুই ঈদেই মুক্তি দেওয়া হয় বড় বাজেটের তারকানির্ভর সিনেমাগুলো। বাকি সময় সিনেমা থাকে না বললেই চলে। ঈদুল ফিতরের সিনেমার রেশ এখনও কাটেনি। এখনও চলছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে শাকিব খানের প্রিন্স হতাশ করেছে সবাইকে। সেই শাকিব ঈদুল আজহায় হাজির হচ্ছেন রকস্টার রূপে! এদিকে ঈদুল ফিতরে সিনেমা হলে আরিফিন শুভর সিনেমা না এলেও তিনি বলিউডের রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ নিয়ে ছিলেন আলোচনায়, যা মুক্তি পেয়েছিল ১৯ মার্চ। ঈদুল আজহায় শুভ আসছেন মালিক সিনেমা নিয়ে। স্বাভাবিক কারণে আগামী ঈদে লড়াই হবে এই দুই নায়কের।

মুক্তির তালিকায় থাকা হাতেগোনা কয়েকটি সিনেমার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে বেশ আগে থেকে তালিকায় ছিল শাকিব খানের ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ ছবিটির শুটিং চলছে মালয়েশিয়ায়। এতে শাকিবের বিপরীতে রয়েছেনÑ সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এর মধ্যে সাবিলার সঙ্গে জুটি বেঁধে শাকিবের ‘তাণ্ডব’ ছবিটি গত বছর ঈদে বেশ আলোচিত ছিল। এবার রকস্টারের ভূমিকায় শাকিবের উপস্থিতি ও পারফরম্যান্স নিয়ে কৌতূহল রয়েছে তার ভক্তদের। দেখার বিষয়, এ ছবি দিয়ে ‘প্রিন্স’ ব্যর্থতার গ্লানি কতটুকু মুছতে পারেন শাকিব। আরিফিন শুভর সঙ্গে মালিক সিনেমায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। ‘মালিক’ সিনেমার পরিচালক সাইফ চন্দন। সিনেমাটি গেল ঈদুল ফিতরে মুক্তির কথা উঠেছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। পরে জানা গেছে শুটিং বাকি থাকায় মুক্তি থেকে পিছিয়ে যায় সিনেমাটি। এবার বাকি থাকা শুটিং শেষ করে ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে মালিক। নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘আমরা সিনেমাটির শুধু মুক্তি নয়, কোনো কিছুই এখনও অফিশিয়ালি জানাইনি। নামটিও এখনও জানানো হয়নি। তবে আমরা প্রস্তুত করছি। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে।’

এদিকে ‘রকস্টার’ ও ‘মালিক’-এর পরই যে ছবিটি সবচেয়ে আলোচনায় রয়েছে সেটি হচ্ছে ‘রইদ’। হাওয়া সিনেমার দারুণ সাফল্যের পর রইদ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ইতোমধ্যে নির্মাতা ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সিনেমাটির গান প্রকাশ করে প্রচারণা পর্বও শুরু করে দিয়েছে রইদ টিম। ?মেজবাউর রহমান সুমন বলেন, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে। এই গানটি দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে।’ প্রায় পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে।

বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করে থমকে আছে সিনেমাটি। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি গেল দুই ঈদ ধরেই মুক্তির ঘোষণা দিয়ে সরে পড়ছে। কেবল হল না পাওয়ায় বারবার পেছানো হচ্ছে মুক্তি। আগামী ঈদুল আজহাতেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে। এ ছাড়া রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিও ঈদে মুক্তি পেতে পারে জানিয়েছেন পরিচালক। এই সিনেমাটিও গত ঈদুল ফিতরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। চার নায়িকা ছাড়াও রয়েছেন তারিক আনাম খান, আদর আজাদ ও ইভন। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে এখনও। নির্মাতা জানিয়েছেন, তারা শুটিং শেষ করার চেষ্টা করছেন। শেষ হলেই ঈদে মুক্তির কথা জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়