জার্মানির মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন এ বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড লাভ করেছে। জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের এবারের আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবে ছবিটিকে এই সম্মাননা দেওয়া হয়। পুরস্কার গ্রহণের পর মঞ্চে উপস্থিত থেকে বক্তব্যে আবেগ প্রকাশ করেন নির্মাতা। তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের আনন্দকে বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।’
ফিল্মফেস্ট ব্রেমেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ বিভাগটি মূলত সেসব চলচ্চিত্রকে দেওয়া হয়, যেগুলো সমাজের ভিন্নতা, পরিচয় এবং প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরে। এর আগে চলচ্চিত্রটি ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব ২০২৫ এ ইতিহাস গড়ে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগে এটি স্পেশাল মেনশন অর্জন করে, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।