প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের ব্যালট প্রকাশ করে তোপের মুখে অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নিজের ভোট প্রদানের বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আলোচনার জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার ভোট দেওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের ব্যালট পেপারের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটে ‘ধানের শীষ’ এবং গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’-সূচক ঘরে সিল দিয়েছেন তিনি। তবে জনসমক্ষে ব্যালটের ছবি প্রকাশ করায় সমালোচনার মুখে দ্রুতই তা মুছে ফেলেন চমক। এরপর একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে লেখেন, ‘ভোট ডিলিট কর, না হলে প্রবলেম হবে।’

নির্বাচনের ফল প্রকাশের পর শুক্রবার রাতে পুনরায় ফেসবুকে সক্রিয় হন এই অভিনেত্রী। নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি হাসনাত আবদুল্লাহ ও নুরুল হক নুরের মতো তরুণ নেতাদের ছবিও ছিল।

ক্যাপশনে চমক নতুন সরকারকে শুভকামনা জানালেও নেটিজেনদের তোপের মুখে পড়েন। মন্তব্যের ঘরে অনেকেই তার এই অবস্থানকে ‘সুবিধাবাদী’ ও ‘চাটুকারিতা’ বলে কটাক্ষ করেছেন। তবে কেউ কেউ আবার তার গণতান্ত্রিক অধিকারের প্রতি সমর্থনও জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়