সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় এবং কার্যকলাপে সহায়তা অব্যাহত রাখলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এ হুমকি ও সতর্কবার্তা দেন ভারতের সেনাপ্রধান।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাস হয়ে যাবে।’
অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধানের কাছে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হিসেবে টিকিয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে চায়।’