অনলাইন ডেস্ক 'পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পর আসিফ ইসরায়েলকে ‘শয়তান’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, আসিফের এই মন্তব্য ইসরায়েলের ধ্বংস কামনার শামিল। তারা এটিকে ‘অগ্রহণযোগ্য’ এবং একটি সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া অনুচিত বলেও উল্লেখ করে।
এর আগে, বুধবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ২৫৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় আসিফ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, ‘আলোচনা চলাকালীনও ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে।’
তিনি লেখেন, ‘ইসরায়েল শয়তান এবং মানবতার জন্য একটি অভিশাপ।’ পাশাপাশি তিনি দাবি করেন, লেবাননে গণহত্যা চলছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন।