ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি "নিরাপদ ও সুস্থ" আছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান। বুধবার (১১ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর সিএনএনের।
ইউসেফ পেজেশকিয়ান বলেন, ‘আমি মোজতাবা খামেনির আহত হওয়ার খবর শুনেছি।’
পেজেশকিয়ান আরও বলেন, ‘আমি তার সংস্পর্শে থাকা কিছু লোককে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছিল, আল্লাহকে ধন্যবাদ, বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।’
রোববার (৮ মার্চ) ইরানের নতুন ধর্মীয় নেতা এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি, এমনকি তার বা তার অফিস থেকেও কোনো লিখিত বিবৃতি জারি করা হয়নি।
তার জনসমক্ষে অনুপস্থিতি এবং দেশটিতে মার্কিন-ইসরায়েলি হামলার সময় তিনি আহত হয়েছেন এমন গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠে। আজ তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে এই খবর এলো।