তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কায় এশিয়ার প্রায় সব শেয়ারবাজারেই বড় ধরনের পতন দেখা যাচ্ছে। বিশেষ করে পূর্ব এশিয়ার বড় শিল্পোন্নত দেশগুলোতে এই প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের বিশাল শিল্প কাঠামোর জন্য বিপুল পরিমাণ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা তাদের অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে।
এরই প্রভাবে জাপানের প্রধান শেয়ার সূচক প্রায় সাত শতাংশ পর্যন্ত নেমে গেছে। এত বড় বাজারে সূচক সাত শতাংশ কমে যাওয়া মানে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি হওয়া।
পাশাপাশি প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচকেও প্রায় আট শতাংশ পতন দেখা গেছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দেশটির সরকার তেলের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি বিবেচনা করছে। প্রায় ত্রিশ বছর পর এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার এখনও নিম্নমুখী অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি সাময়িক ধাক্কা এবং তেলের দাম আবার কমে আসবে। তবে সেই আশ্বাসে এখনো বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না।