প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই যোদ্ধা হয়ে আরেকবার জয় ছিনিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় আরেকবার জুলাই যোদ্ধা হয়ে জয় ছিনিয়ে আনতে যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজের তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন জামায়াত আমিরের পাশেই ছিলেন।

জিয়ারত ও মোনাজাত শেষে ডা. শফিকুর রহমান আবু সাঈদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন।

কবর জিয়ারতের সময় মোনাজাতে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, জুলাই আন্দোলনে যারা অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে জীবন দিয়েছে, তুমি তাদের শহীদ হিসেবে কবুল করো।’

তিনি আরও বলেন, ‘আবু সাঈদের রেখে যাওয়া দায়িত্ব পালন করার তাওফিক আমাদের দান করো। আমরা অঙ্গীকার করছি, তাদের স্বপ্ন ও দাবির পূর্ণ বাস্তবায়ন করব। হে আল্লাহ, তুমি বাংলাদেশের ঘরে ঘরে এমন বিপ্লবী যুবক তৈরি করে দাও, যারা ঈমান ও জাতির পাহারাদার হবে এবং দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে।’

আবু সাঈদসহ সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘তাদের স্বপ্ন ছিল সমাজে বৈষম্য থাকবে না, কোনো ধরনের অবিচার মেনে নেওয়া হবে না, কোনো দুর্বৃত্ত-দুষ্কৃতিকারী এদেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর এ দেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল একটা নিরাপদ বাংলাদেশের যেখানে প্রত্যেকটা নাগরিক নিরাপদে থাকবে। আমরা আপনদের কথা দিচ্ছি- শহীদদের স্বপ্ন বাস্তবায়নে লড়াই চালিয়ে যাবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়