আয়কর বার্তা : পবিত্র শবেবরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শবেবরাত পালিত হবে। এই উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএমপি জানায়, শবেবরাতের পবিত্র রজনীতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।