প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

আয়কর বার্তা :  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেখানে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘আজ আমরা নোটিশ দিচ্ছি। এটি আজ থেকে কার্যকর হবে। তবে সবাই হয়তো বিষয়টি আজ না-ও জানতে পারেন। আগামীকাল থেকে এটি প্রায় সব শপিংমল ও দোকানে কার্যকর হয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়