প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসই পর্ষদে যোগ দিলেন ব্রিগেডিয়ার আশিকুর রহমান


আয়কর বার্তা রিপোর্ট: ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএসইর ১১১২তম পরিচালনা পর্ষদ সভায় তিনি অংশ নেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ৩০ মার্চ ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তাঁর নিয়োগ অনুমোদন দেন৷

ডিএসইর উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান এক বার্তায় জানায়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন প্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারত্ব ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমান দায়িত্বে যোগদানের পূর্বে তিনি ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৬ সালে তিনটি পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন। স্টাফ পর্যায়ে তাঁর অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস) ৩ এবং ব্রিগেড মেজর (চিফ অপারেশন অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ (চিফ অপারেশন অফিসার) এবং রাষ্ট্রপতির সচিবালয়ে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও সৈয়দ আশিকুর রহমান সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর (ক্লাস এ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে সৈয়দ আশিকুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে আইভরি কোস্টে বিএএনবিএটি-৪ এ কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে একবার এবং সিরিয়ার ইউএনএসএমআইএস ও আইভরি কোস্টের ইউএনওসিআই মিশনে দুবার মিলিটারি অবজারভার হিসেবে কর্মরত ছিলেন।

সৈয়দ আশিকুর রহমান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি ডিএসসিএসসি, মিরপুর থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, চীনের নানজিং আর্মি কমান্ড কলেজ থেকে আর্মি কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল ওয়ার কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

সৈয়দ আশিকুর রহমান ব্যক্তিগত জীবনে নাজিয়া আহমেদকে বিয়ে করেন এবং তার সৈয়দা মুমতাহিনা রহমান ও সৈয়দা ওয়াসিফা রহমান নামের দুই মেয়ে রয়েছে।

  • সর্বশেষ