প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামনে আরও দারুণ কিছু ছবি আসবে জয়ার

বিনোদন  প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গে গত ৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সৌকর্য ঘোষাল পরিচালিত সিনেমা ‘ওসিডি’। সিনেমার প্রচারে সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। দুই বাংলার সিনেমা নিয়ে কতটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘আমি দুটি (দুই বাংলার সিনেমা) নিয়েই তো আশাবাদী। এখানে ওসিডির মতো ছবি রিলিজ করছে এবং দর্শক দেখেছে। এর আগে ডিয়ার মা, পুতুলনাচের ইতিকথা করেছি; প্রত্যেকটি ডিফারেন্ট ডাইমেনশনের কাজ (ভিন্ন ধরনের)।

জয়া আহসান বলেন, একজন আর্টিস্ট হিসেবে কাজগুলো পাওয়া আমার জন্য খুব ভাগ্যের ব্যাপার। এখন এসেছে ওসিডি, সেখানে পারফরম্যান্সটা দেখানোর একটি জায়গা আছে। আমি কতটুকু পেরেছি, আমি বলব না। তিনটি সিনেমা তিন ধরনের- একটি একেবারে পারিবারিক, একটি একদম ক্লাসিক এবং এখন যেটি হচ্ছে, সেটির ভেতরে একটা প্রচণ্ড শক্তিশালী সামাজিক বার্তা আছে।’

গত বছরে তার অভিনীত সিনেমার সাফল্যের কথা তুলে ধরে জয়া আরও বলেন, ‘বাংলাদেশ নানা রকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। কিন্তু আমার দুটি ছবি উৎসব ও তান্ডব ব্লকবাস্টার সুপারহিট। এরপর সামনে আরও খুব ভালো ভালো দারুণ কিছু ছবি আসবে, রইদ নামের একটি ছবির ট্রেলার আপনারা দেখেছেন, অসাধারণ ছবি হবে।’ জয়া অভিনীত পশ্চিমবঙ্গের সিনেমাগুলো বাংলাদেশে মুক্তি পায় না, একইভাবে ঢাকার সিনেমাও কলকাতায় মুক্তি পায় না।

জয়া আশা করেন, অদূর ভবিষ্যতে এটা ঠিক হয়ে যাবে। সামাজিক মাধ্যম নিয়ে জয়া আহসান বলেন, ‘সোশ্যাল মিডিয়া তো আসলে আমার ব্যক্তিগত জায়গা নয়; এটা জয়া আহসানের ইমেজটাকে দেখার জায়গা। একেবারেই আনুষ্ঠানিক একটা জায়গা। তার পরও আমি মাঝেমধ্যে ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার করি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়