সংস্থাটি আরো জানায়, নির্বাচিত প্রার্থীর নাম সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। প্রার্থীর নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট ফরম-২২ এ এফিডেভিটসহ এই হিসাব জমা দিতে হবে। রিটার্নিং অফিসারের পাশাপাশি এই রিটার্ন ও এফিডেভিটের অনুলিপি রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন কমিশন সচিবালয়েও পাঠাতে হবে।
বিধি অনুযায়ী প্রার্থীদের ফরম-২২ক, ২২খ বা ২২গ এর নমুনায় হলফনামা দাখিল করতে হবে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কোনো প্রার্থী যদি নির্ধারিত সময়ে ব্যয়ের রিটার্ন দাখিলে ব্যর্থ হন বা আদেশ লঙ্ঘন করেন, তবে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে গণ্য হবেন। এ ক্ষেত্রে দোষী ব্যক্তিকে ন্যূনতম ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।
জনসাধারণের তথ্যের জন্য জানানো হয়েছে, সংরক্ষিত এই ব্যয়ের রিটার্ন ও দলিলপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে এক বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে।