প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন নাহিদ

সত্য সমাচার ডিজিটাল:

 ১ মার্চ ২০২৬

এনসিপির নেতাকর্মীদের আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।  

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে এটা আমাদের প্রত্যাশা। নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা এখনই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূলকে আমরা শক্তিশালী করতে চাই। আমরা জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় লাভ করেছি। এতে আমরা সন্তুষ্ট নই, সামনের দিনগুলোতে আমরা এই অর্জনকে বৃদ্ধি করবো।’

তিনি বলেন, ‘এই এক বছর এনসিপি নানান রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আমরা মনে করি বিপ্লব থেকে বিকল্প তৈরি হয়েছে। সেই বিকল্প পরবর্তী বাংলাদেশকে বিনির্মাণ করবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি ফ্যাসিবাদ থেকে আমরা বেরিয়ে এসেছি। ফ্যাসিবাদের পতন ঘটেছে, ফ্যাসিবাদ বিলুপ্তের রাজনীতি আমরা করছি। আমরা মনে করি বাংলাদেশের সামনের পথ এটাই, ফ্যাসিবাদকে বিলুপ্ত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা সম্পূর্ণরূপে। সেজন্য সংস্কারের লড়াই, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই গণহত্যাকারী, গুম-খুনিদের বিচারের দাবিতে আমরা এখনও সরব রয়েছি।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়