আয়কর বার্তা ডেক্স: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষা করা, করপোরেট নিয়ন্ত্রণের প্রভাব থেকে সতর্ক থাকা এবং নিরাপদ জেনেটিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আয়োজিত ‘১ম আন্তর্জাতিক সম্মেলন অন লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি’-তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা বৈজ্ঞানিক উদ্ভাবনের সমর্থক, তবে করপোরেট নিয়ন্ত্রণে প্রাকৃতিক সম্পদের ব্যবহার গ্রহণযোগ্য নয়। জেনেটিক পরিবর্তন প্রয়োজন হতে পারে, তবে মালিকানা ও অধিকার অবশ্যই স্থানীয় জীববৈচিত্র্যের স্বার্থে হতে হবে।
তিনি সতর্ক করে বলেন, জেনেটিক মডিফিকেশন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভিদ বা প্রাণীকে নম্বর দিয়ে চিহ্নিত করা মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। এতে স্থানীয় প্রজাতি চাষ করা কৃষকরা তাদের অধিকার হারাতে পারেন।
কৃষক, বিজ্ঞানী ও নীতি নির্ধারকদের আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জলজ বৈচিত্র্যে সমৃদ্ধ। এ বৈচিত্র্য দেশের জলজ সম্পদ সংরক্ষণ ও বিকাশের জন্য অপরিহার্য।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মুহাম্মদ নাসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুল আওয়াল এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. হোসাইন আল মামুন।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন যবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মাজিদ। অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. এম. মোজাম্মেল হক। সম্মেলনের আহ্বায়ক ছিলেন যবিপ্রবি’র ডিন প্রফেসর ড. মো. শেরাজুল ইসলাম। এছাড়া দেশি ও বিদেশি গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে যশোরে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্র পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা । এ সময় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।